
ভারতের উত্তর প্রদেশে এক বিজেপি বিধায়কের মেয়েকে প্রতারণার মাধ্যমে বিয়ে করার অভিযোগে প্রখর ত্রিবেদী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় প্রখরের বাবা অনুজ ত্রিবেদীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উত্তর প্রদেশের সেভতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের মাধ্যমে পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন।
বিধায়কের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে মিশ্রিখের চন্দ্রাওয়াল এলাকার বাসিন্দা অনুজ ত্রিবেদীর ছেলে প্রখর ত্রিবেদীর সঙ্গে জ্ঞান তিওয়ারির মেয়ে প্রজ্ঞার বিয়ে হয়। বিয়ের সময় অনুজ নিজেকে মুম্বাইভিত্তিক একজন প্রতিষ্ঠিত আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন। বিধায়ক দাবি করেছেন, স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়ার পর এবং এলাকার প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে ইতিবাচক তথ্য পাওয়ার পরই তিনি এই বিয়ের সম্পর্কটি চূড়ান্ত করেছিলেন।
তবে বিয়ের প্রায় আড়াই বছর পর বিধায়কের পরিবার প্রখরের কথিত অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে। জ্ঞান তিওয়ারির অভিযোগ, প্রখর ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন রাজ্যে একাধিক নারীকে সম্পর্কের ফাঁদে ফেলেছেন এবং তাদের কাছ থেকে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন। বিধায়কের দাবি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি অন্তত ২৫টি বিয়ে করেছেন।
শুক্রবার রেউসা থানায় বিধায়কের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে। এর আগে ৬ আগস্ট মেয়েকে পাশে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বিধায়ক এই প্রতারণার কথা জানিয়েছিলেন। তিনি অভিযুক্ত অনুজ ত্রিবেদীর কঠোর শাস্তি দাবি করেছেন এবং এমনকি মৃত্যুদণ্ডের দাবিও তুলেছেন।
বিধায়ক জানিয়েছেন, প্রতারণার বিষয়টি জানার পর তিনি অভিযুক্ত পরিবারের সঙ্গে সব ধরনের সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন করেছেন এবং মেয়েকে নিজের বাড়িতে ফিরিয়ে এনেছেন। তিনি আরও উল্লেখ করেন যে, এই ঘটনা তার পরিবারকে গভীরভাবে মানসিক আঘাত দিয়েছে এবং জনপ্রতিনিধি হিসেবে তার সামাজিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
আপনার মতামত লিখুন :