
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল উদ্বোধন করেন।
প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে। সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।
অন্যদিকে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে ফলাফল জানতে পারবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে সরাসরি ফল ডাউনলোড করতে পারবে।
মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল পাওয়ার সুযোগও রাখা হয়েছে। যেকোনো মুঠোফোন নম্বর থেকে ১৬১৪০ বা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা কোনো সংবাদপত্র অফিসে ফলাফল পাওয়া যাবে না। ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করতে চাইলে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে তা করতে পারবে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ।
আপনার মতামত লিখুন :