
খাগড়াছড়ির রামগড় পৌরসভার দক্ষিন সদুকার্বারীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকালে এই মরদেহটি উদ্ধার করা হয়। পেশায় রাজমিস্ত্রী হেলাল ওই এলাকার বাসিন্দা আমীর হোসেনের ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত শনিবার সাগরদের পাশের ঘরে থাকা তার চাচির মাটির ব্যাংক চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে চাচা ও চাচি সাগরকে অভিযুক্ত করেন। সাগর দায় স্বীকার করে ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করলেও চাচা-চাচি তাকে ক্ষমা করেননি। উল্টো তারা সাগরকে থানাপুলিশের ভয় দেখান। এই অপমানে ও হতাশায় রোববার রাতে সাগর ঘরের আঁড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পারিবারিকভাবে দাবি করা হয়েছে।
নিহতের বাবা আমীর হোসেন জানান, সোমবার সকালে সাগরের মা তার গামছা খুঁজতে গিয়ে দেখেন ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দরজার ফাঁক দিয়ে তিনি ছেলের নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় পরে ফাঁক দিয়ে দরজা খুলে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি জানান, গামছাটি পুরাতন হওয়ায় তা ছিঁড়ে যায়। পরবর্তীতে অন্যদের সহযোগিতায় মরদেহটি ঘরের সামনের রুমে রাখা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি ফাঁস দিয়ে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :