
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে যারা সন্তুষ্ট নন, তাদের জন্য খাতা পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে এবার সম্পূর্ণ নতুন পদ্ধতি চালু করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এই পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে এবং কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। শিক্ষার্থীরা rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে তাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ড নির্বাচন করে আবেদনের প্রক্রিয়া শুরু করতে পারবেন। সাবমিট করার পর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পরবর্তীতে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
ওয়েবসাইটে লগইন করার পর শিক্ষার্থী তার বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পাবেন। যে বিষয় বা বিষয়গুলোর খাতা যাচাই করতে চান, তা নির্বাচন করে ফি পরিশোধের প্রক্রিয়ায় যেতে হবে। যদি কোনো বিষয় দুই পত্রবিশিষ্ট হয়, তবে উভয় পত্রের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। ফি প্রদানের জন্য বিকাশ, নগদ বা সোনালী সেবা ব্যবহার করা যাবে এবং পোর্টালেই এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে। ফি জমা দেওয়ার পর নির্দিষ্ট বাটনে ক্লিক করে আবেদন চূড়ান্তভাবে জমা দিতে হবে।
আবেদনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্ত মেনে চলতে হবে। একবার ফি পরিশোধের পর নতুন কোনো বিষয় যোগ করা সম্ভব হলেও, সেক্ষেত্রে পুনরায় মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে ফি পরিশোধের আগে আবেদনের কোনো অংশ পরিবর্তন করতে চাইলে নির্বাচিত অপরিশোধিত বিষয়গুলো বাতিল করে নতুন করে বিষয় বাছাই করা যাবে। একবার ফি জমা হয়ে গেলে সেই আবেদন আর বাতিল করা যাবে না এবং কোনো পরিস্থিতিতেই ফি ফেরত দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :