
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বুধবার (৭ অক্টোবর) শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশনায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, মতিউর রহমান সাগরের বিরুদ্ধে দীর্ঘদিনের অসাংগঠনিক কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৮ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপরেও তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসায় জেলা বিএনপি তাকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সাগরের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ ওঠে গত সোমবার (৫ অক্টোবর) নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে হুমকি দেওয়ার। নড়িয়া উপজেলার নোয়াদ্দা বাংলাবাজার এলাকায় নির্বাচনী বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে বিরোধের জেরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, বিলবোর্ড স্থাপন নিয়ে জুলাই শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবা আবু তালেবের সঙ্গে সাগরের হাতাহাতি হয়। এরপর অর্ণবের চাচা আব্দুস সালামকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে সাগরের বিরুদ্ধে। তবে পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ যাচাই করে আব্দুস সালামের বিরুদ্ধে সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এর পরপরই নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেনকে সাগর হুমকি দেন বলে অভিযোগ ওঠে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে।
এছাড়া বিভিন্ন সময় সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগও সাগরের বিরুদ্ধে গণমাধ্যমে উঠে এসেছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা অন্তত ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের কাছে পাঠানো হয়েছে। এদিকে, বহিষ্কারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাগর নিজের অবস্থান তুলে ধরে বলেছেন, দল তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে এবং তিনি আশাবাদী যে অভিযোগগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারলে বহিষ্কারাদেশ অচিরেই প্রত্যাহার হবে।
আপনার মতামত লিখুন :