
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওই ছাত্রী অভিযুক্তদের কৌশলের শিকার হয়। অভিযোগ রয়েছে, তাকে স্থানীয় একটি বাগান এলাকায় নিয়ে গিয়ে একাধিক ব্যক্তি সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়েছে যে, ঘটনার সময় অপরাধীরা ভিডিও ধারণ করেছিল।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার বিষয়ে জানতে পারার পর ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামি রাহাত, সিয়াম ও ইমনকে গ্রেপ্তার করে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তিনজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ওসি আরও জানান, ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আপনার মতামত লিখুন :