
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পুনঃনির্মাণ করা হবে। তিনি আরও জানান, এই গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদকে যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শাহবাগে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৮ বছর ধরে বিএনপিসহ যে সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মাঠে থেকে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান গড়ে তুলেছেন এবং ছাত্র-জনতাকে সহায়তা করেছেন, তাদের প্রতি আহ্বান রইল তারা যেন নিজের স্বার্থে জাতিকে আর দ্বিধা-বিভক্ত না করেন। সমৃদ্ধ ও গণতান্ত্রিক জাতি গঠনের লক্ষ্যে তিনি সবার সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকা প্রত্যাশা করেন। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি করে কেউ যদি দেশকে দ্বিধা-বিভক্ত করতে চায়, তবে জনগণ তা মেনে নেবে না। বর্তমান সময়ে জনগণের প্রত্যাশা সমৃদ্ধি ও গণতন্ত্র, পাশাপাশি তাদের কথা বলার অধিকারও প্রতিষ্ঠিত হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, দলের নেতা তারেক রহমান নিরলসভাবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে পুরো জাতিকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে যাত্রা শুরু করেছেন, তার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দেশ এগিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :