
ভারতের রাজধানী দিল্লির সীমাপুরি এলাকায় একটি বহুতল ভবন ধসে এক শিশুর প্রাণহানি ঘটেছে। বুধবার বিকেলে ঘটা এই দুর্ঘটনায় আহত অবস্থায় আরও অন্তত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পাওয়ার পরপরই তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীতে পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেন। শাহদারা পুলিশের ডেপুটি কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের দিল্লির জিটিবি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ভবনটির সামনের অংশ ধসে পড়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রাও উদ্ধারকাজে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা এবং স্থানীয় মানুষজন ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।
ভবন ধসের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, মঙ্গলবার রাতে দিল্লি-এনসিআর এলাকায় অনুভূত ভূমিকম্পের কম্পনের ফলে ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল। তবে কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের পরই প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
এই দুর্ঘটনার ফলে সীমাপুরি গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। দিল্লি ট্রাফিক পুলিশ উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের চলাচল নির্বিঘ্ন রাখতে ওই এলাকা এড়িয়ে চলার জন্য পথচারী ও যানবাহন চালকদের অনুরোধ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :