Facebook Twitter Instagram YouTube

সেন্টমার্টিনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ / ০
সেন্টমার্টিনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

সেন্টমার্টিনের ব্লু মেরিন রিসোর্টে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার এক্স নটরডেমিয়ান্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও ব্লু মেরিন রিসোর্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।

দুই দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন এক্স নটরডেমিয়ান্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ব্লু মেরিন রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর জাফর আহমেদ পাটোয়ারী। ক্যাম্পে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহ-রেজিস্ট্রার ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাকিল আরিফ চৌধুরী এবং ব্যথা, ফিজিওথেরাপি ও স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ ডা. দলিলুর রহমান চিকিৎসা সেবা প্রদান করেন।

ক্যাম্পে আগত রোগীরা ব্যথা, হৃদরোগ ও পেটের পীড়াসহ বিভিন্ন শারীরিক সমস্যার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণ করেন। অনেক রোগীর জন্য ব্লাড সুগার ও ইসিজি পরীক্ষাও সম্পন্ন করা হয়। চিকিৎসার পাশাপাশি রোগীদের মাঝে জরুরি ওষুধ, স্যানিটারি উপকরণ, কোমর ব্যথার করসেট এবং ব্যথানাশক ক্রিম বিতরণ করা হয়েছে।

চিকিৎসা সেবা পেয়ে সেন্টমার্টিনের বিভিন্ন পাড়া থেকে আগত বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, বৈরী আবহাওয়া ও জলবায়ুর অভিঘাতের কারণে তারা নিয়মিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ক্যাম্প চলাকালে স্থানীয় সংগঠক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy