
চীনের উত্তর-পূর্ব উপকূলের কিংদাও বন্দরে নোঙর করে রাখা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, জাহাজটি সংস্কারের জন্য কিংদাও বন্দরের 'বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে' নোঙর করা ছিল। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে আকস্মিকভাবে জাহাজটিতে আগুন লেগে যায়। 'ওশান মেলোডি' নামের লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে মোট ৪২ জন আরোহী ছিলেন।
সিসিটিভি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ১২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন ব্যক্তিরা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ বা আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
এই ঘটনায় জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করার পাশাপাশি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সব দপ্তরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় কঠোর তদন্ত ও সংস্কারের তাগিদ দিয়েছেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রী লি কিয়াং আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। এছাড়া, কর্তৃপক্ষকে সেকেন্ডারি ডিজাস্টার বা পরবর্তী বিপর্যয় রোধে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :