Facebook Twitter Instagram YouTube

চট্টগ্রামে দুই শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ /
চট্টগ্রামে দুই শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় শুক্রবার জুমার নামাজের পর এক মর্মান্তিক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন মিন্টু নামে এক পথচারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, দুপুর আনুমানিক আড়াইটার দিকে রেললাইনের কাছাকাছি চটপটি খাওয়ার সময় মো. রাহাত নামের ১০ বছর বয়সী এক শিশু রেললাইনে উঠে পড়ে। এ সময় কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে শিশুটিকে বাঁচাতে মিন্টু দ্রুত এগিয়ে যান। শিশুটিকে সরিয়ে দেওয়ার চেষ্টাকালে তিনি নিজেই ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

নিহত দেলোয়ার হোসেন মিন্টু পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন এবং ফেনী জেলার ফুলগাজী উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে ষোলশহর রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নামাজ থেকে ফেরার পথে তিনি শিশুদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান।

অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত শিশু মো. রাহাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, শিশুটিকে জরুরি বিভাগের চিকিৎসকরা ২৬ নম্বর ওয়ার্ডে পাঠিয়েছেন। দুর্ঘটনায় শিশুটির একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পরপরই ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় স্থানীয়দের ভিড় জমে যায়।

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩২

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh