
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের ছোট ভাই জুয়েলসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন রানা মিয়া (৩০) এবং তোফাজ্জল মিয়ার ছেলে রবিন মিয়া (২৫)।
নিহতের পরিবারের ভাষ্যমতে, শুক্রবার বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় এক শিশুর পায়ে অন্য এক শিশু আঘাত করলে তাকে চড় মারা হয়। এই নিয়ে বিরোধের সৃষ্টি হলে স্থানীয় লতিফের কাছে বিচার দেওয়া হয়। পরবর্তী সময়ে শুক্রবার বিরোধ মীমাংসার জন্য জুয়েল এগিয়ে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এর জের ধরে শনিবার বিকেলে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আল আমিনের বাড়ির সামনে গিয়ে গালিগালাজ শুরু করে। আল আমিন এর প্রতিবাদ করলে তারা অতর্কিত হামলা চালায়। এতে আল আমিনের মাথায় গুরুতর জখম হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে আব্দুর নুর, লতিফ, আব্দুল কুদ্দুস, সুলতান, মহিবুর, মোফাজ্জল, আতাবুর, আব্দুর শহীদ ও জাকিরসহ কয়েকজনের বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :