Facebook Twitter Instagram YouTube

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ /
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাংলাদেশ সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলমান রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি একাধিক বিদেশি এয়ারলাইন্সও এখান থেকে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে।

একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর বিষয়েও সরকার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। আগামী ডিসেম্বরে টার্মিনালটি চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ প্রকল্পের অংশ হিসেবে আগামী মাসে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হবে। টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh