
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। গত শনিবার রাত আটটা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই বিশেষ অভিযানে মোট ২৫৪ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরসহ প্রতিটি থানা এলাকার যেসব স্থানে উঠতি বয়সী বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উঠতি বয়সী কিশোরেরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের ভাষ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর চারজন সক্রিয় সদস্য রয়েছেন। এদের মধ্যে অন্যতম হলেন ১৯ বছর বয়সী আনিসুর রহমান ওরফে আনিক। পুলিশ তাকে এই গ্যাংয়ের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে চিহ্নিত করেছে। আনিক নগরের ছোটরা মফিজাবাদ কলোনির আবুল কাশের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, বর্তমানে রতন গ্রুপের প্রধান ইমরান হোসেন ওরফে রতন আত্মগোপনে থাকায় আনিকই পুরো গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, শনিবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এবং তারা রতন গ্রুপের সদস্য। পুলিশের দাবি, আনিক ২০২২ সালে কিশোর গ্যাংয়ের হাতে সংঘটিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় গ্যাংয়ের নেতৃত্বে যুক্ত হন। ওসি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে ছিনতাই ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিস্তারিত নাম-পরিচয় ও আগের অপরাধের তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানিয়েছেন, আটককৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গত বুধবারও একই ধরনের অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। ওই অভিযানে ৪৫১ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং ১৭৩ জনের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল।
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দীর্ঘদিনের আলোচিত বিষয়। বিশেষ করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। ১৮ সেপ্টেম্বর কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম নিখোঁজ হয় এবং পরদিন সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের মূলহোতা ১৯ বছর বয়সী সাইফুল ইসলাম তুহিনসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর একজনকে হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২০১৫ সালের দিকে নগরে কিশোর গ্যাংয়ের তৎপরতা আলোচনায় আসার পর বিভিন্ন সময়ে গ্রুপটির নাম সামনে এসেছে।.অপ্রতিম হত্যা: গ্রেপ্তার তুহিন এলাকায় উচ্ছৃঙ্খল–বেপরোয়া হিসেবে পরিচিত
আপনার মতামত লিখুন :