Facebook Twitter Instagram YouTube

জাপান সফরের আগে রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় তলব


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ণ / ০
জাপান সফরের আগে রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় তলব

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে কেন্দ্র করে এক নজিরবিহীন কূটনৈতিক সিদ্ধান্তের কথা জানা গেছে। টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে প্রধানমন্ত্রীর সফরের প্রাক্কালে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, সফরসংক্রান্ত প্রস্তুতি ও কূটনৈতিক সমন্বয়ের গুরুত্বপূর্ণ কাজ থেকেও তাকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৫ই অক্টোবর মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে তাকে ঢাকায় ফেরার নির্দেশ দেয়া হয়।

কূটনৈতিক সূত্রের মতে, জাপানের জন্য স্পর্শকাতর একটি বিষয়ে দেশটির আপত্তির কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূলত গত জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় দুই দেশের যৌথ বিবৃতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা ও যুদ্ধের পরিণতি নিয়ে একটি অনুচ্ছেদ যুক্ত হয়েছিল। টোকিও ওই অনুচ্ছেদের বক্তব্যকে নিজেদের জন্য অস্বস্তিকর মনে করে। জাপান সরকার দাউদ আলীকে চীনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে গণ্য করে এবং ওই বিতর্কিত অনুচ্ছেদ প্রণয়নে তার ভূমিকা ছিল বলে তারা মনে করে। এছাড়া বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে আলোচনা চলছে, যেগুলোর গোপনীয়তা রক্ষার বিষয়ে টোকিও বিশেষভাবে আগ্রহী।

সাবেক ও বর্তমান অনেক কূটনীতিক এই সিদ্ধান্তকে অস্বাভাবিক বলে মনে করছেন। তাদের প্রশ্ন, রাষ্ট্রদূতের ভূমিকা নিয়ে যদি কোনো অসন্তোষই থাকত, তবে প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগমুহূর্তে কেন এমন পদক্ষেপ নিতে হলো। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও সমন্বয়ের দায়িত্ব বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম পালন করছেন। আগামী ২৬ থেকে ২৯শে অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর করবেন। এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে আলোচনার পাশাপাশি ৮টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে, যার মধ্যে ৩ থেকে ৪টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

দাউদ আলীকে দেশে ফিরিয়ে আনার ঘটনা এটিই প্রথম নয়। ২০০৯ সালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালনকালে তারেক রহমানকে সহায়তা করার অভিযোগ ওঠার পর তাকে ঢাকায় তলব করা হয়েছিল। সে সময় তাকে পররাষ্ট্র সার্ভিস একাডেমির ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেয়া হয়। প্রায় ১৭ বছর পর আবারও প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রাক্কালে তাকে দেশে ফিরতে হলো।

আগামী ৭ই ডিসেম্বর দাউদ আলীর অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হওয়ার কথা রয়েছে। বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা ২০২৪ সালের ১২ই ডিসেম্বর জাপানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) এবং চীনের কুনমিংয়ে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার টোকিও, প্রিটোরিয়া ও লন্ডনে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin