Facebook Twitter Instagram YouTube

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ণ / ০
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

দেশে ডেঙ্গু পরিস্থিতির মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন রোগী। এর মাধ্যমে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৮ জনে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) এই তথ্য জানানো হয়। বুলেটিনের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৫১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ফলে চলতি বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪৫৫ জন, যা নিয়ে এ পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ১১১ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

গত একদিনে বিভাগভিত্তিক আক্রান্তের হিসেবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯৪ জন, বরিশালে ২৩১ জন, খুলনায় ২০৬ জন এবং রাজশাহীতে ১৬২ জন রোগী ভর্তি হন। বাকি বিভাগগুলোর মধ্যে ময়মনসিংহে ৬০ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবরের প্রথম ২১ দিনেই প্রাণ হারিয়েছেন ১২৪ জন। এর আগে সেপ্টেম্বর মাসে বছরের সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din