Facebook Twitter Instagram YouTube

টেকসই গণতন্ত্রে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক চর্চা জরুরি: ফখরুল


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ /
টেকসই গণতন্ত্রে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক চর্চা জরুরি: ফখরুল

গণতন্ত্র কেবল নির্বাচনকেন্দ্রিক কোনো ব্যবস্থা নয়, বরং এটি একটি সামগ্রিক সংস্কৃতি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হলে সমাজে সহনশীলতা, ভিন্নমতের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং নিয়মিত গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, টেকসই গণতন্ত্রের জন্য স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে। তবে তিনি স্পষ্ট করেন যে, শুধু সরকারের ওপর দায় চাপিয়ে নয়, বরং গণমাধ্যম, মালিকপক্ষ, সাংবাদিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা ছাড়া কার্যকর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি সম্ভব নয়।

গণমাধ্যমের দায়িত্ব সম্পর্কে মন্ত্রী বলেন, সত্য প্রকাশই গণমাধ্যমের সবচেয়ে বড় কাজ। কোনো ধরনের সেল্ফ সেন্সরশিপের আশ্রয় না নিয়ে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল থাকতে হবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন-ভাতা এবং স্বাধীনভাবে কাজ করার অনুকূল পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মাধ্যমেই গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। মতপ্রকাশের স্বাধীনতা ও সহনশীলতার চর্চা বাড়াতে পারলে গণমাধ্যম তার ভূমিকা আরও কার্যকরভাবে পালন করতে পারবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করবে এবং সামগ্রিকভাবে গণতন্ত্রকে শক্তিশালী করতে সহায়ক হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin