Facebook Twitter Instagram YouTube

পাঁচ বছরে মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ /
পাঁচ বছরে মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের ব্যয় নিয়ে রাজ্যসভায় তথ্য প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। বৃহস্পতিবার রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং ও ভারতের কমিউনিস্ট পার্টির সাংসদ ভি শিবদাসনের করা এক প্রশ্নের লিখিত জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা জানান, ২০২১ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত মোদির বিদেশ সফরে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৫৭ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ১৮ রুপি ৫৬ পয়সা।

মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোদি মোট ১৩টি দেশ সফর করেছেন। এই সফরগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ইতালি, ফ্রান্স, স্লোভাকিয়া, সিশেলস, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। চলতি বছরের এই সাত মাসে তার বিদেশ সফরের মোট খরচ হয়েছে প্রায় ৭৪ কোটি ৫৯ লাখ রুপি বা সুনির্দিষ্টভাবে ৭৪ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ৭৯৭ রুপি।

চলতি বছরে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে মে মাসের দ্বিতীয়ার্ধে নরওয়ে সফরে, যার পরিমাণ ১৭ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৩৯০ রুপি। এছাড়া ফেব্রুয়ারিতে ইসরায়েল সফরে ব্যয় হয়েছে ১১ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৯৩৮ রুপি। বিগত বছরগুলোর মধ্যে গত বছর মোদির ফ্রান্স সফরে সবচেয়ে বেশি ব্যয় হয়েছিল, যার অংক ছিল ২৫ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৯০২ রুপি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যয়ের হিসাব প্রকৃত খরচের ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং এতে মুদ্রার বিনিময় হার বা মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় নেওয়া হয়নি। এছাড়া অতীতে কংগ্রেস সরকারের আমলের কিছু সফরের ব্যয়ের তথ্যও মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ২০১১ সালে মোদির যুক্তরাষ্ট্র সফরে ১০ কোটি ৭৪ লাখ রুপি এবং একই বছর ফ্রান্স সফরে ৮ কোটি ৩৩ লাখ রুপি ব্যয়। এছাড়া ২০১৩ সালে রাশিয়া সফরে ৯ কোটি ৯৫ লাখ এবং জার্মানি সফরে ৬ কোটি ২ লাখ রুপি খরচ হয়েছিল।

নরেন্দ্র মোদির বিদেশ সফরের কর্মসূচিতে সাধারণত দ্বিপক্ষীয় বৈঠক, আন্তর্জাতিক সম্মেলন, রাষ্ট্রীয় ভোজসভা, স্মৃতিসৌধ পরিদর্শন এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় অন্তর্ভুক্ত থাকে। সফরে তিনি ভারতীয় বিমানবাহিনীর বিশেষ স্কোয়াড্রন পরিচালিত ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ উড়োজাহাজ ব্যবহার করেন এবং তার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যরা থাকেন।

রাজ্যসভায় দেওয়া জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেস নেতৃত্বাধীন আগের সরকারের আমলে প্রধানমন্ত্রীর কয়েকটি বিদেশ সফরের ব্যয়ের তথ্যও প্রকাশ করেছে। সে অনুযায়ী, ২০১১ সালে যুক্তরাষ্ট্র সফরে ব্যয় হয়েছিল ১০ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৩৬৩ রুপি, একই বছরে ফ্রান্স সফরে ৮ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার ৪৬৩ রুপি। ২০১৩ সালে রাশিয়া সফরে ব্যয় হয় ৯ কোটি ৯৫ লাখ ৭৬ হাজার ৮৯০ রুপি এবং জার্মানি সফরে ৬ কোটি ২ লাখ ২৩ হাজার ৪৮৪ রুপি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh