
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, দ্রুতগতির দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। দুর্ঘটনায় নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক মানবজমিনকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া আহত অন্তত ২০ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :