
ভারতের তারকাদের ব্র্যান্ড মূল্যায়নের তালিকায় বড় ধরনের রদবদল ঘটেছে। কনসালটিং প্রতিষ্ঠান ক্রলের সর্বশেষ তারকা ব্র্যান্ড মূল্যায়ন প্রতিবেদন ২০২৫ অনুযায়ী, ২০২৪ সালে তালিকার শীর্ষে থাকা ক্রিকেটার বিরাট কোহলিকে টপকে এবার এক নম্বরে উঠে এসেছেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। বিশেষ করে ২০২৩ সালের ডিসেম্বরে ‘ডানকি’ সিনেমা মুক্তির পর বড় পর্দায় নতুন কোনো সিনেমা না এলেও শাহরুখের ব্র্যান্ডমূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খানের বর্তমান ব্র্যান্ডমূল্য ১৭৭ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সালের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা শাহরুখ এবার দুই ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছেন। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং, যার ব্র্যান্ডমূল্য ১৬২ দশমিক ৯ মিলিয়ন ডলার। গত বছর তিনি বিরাট কোহলির পরে দ্বিতীয় স্থানে ছিলেন, তবে এবার কোহলিকে পেছনে ফেলে নিজের অবস্থান ধরে রেখেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্য তার ব্র্যান্ডমূল্য বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।
তালিকায় তৃতীয় অবস্থানে নেমে গেছেন বিরাট কোহলি, যার ব্র্যান্ডমূল্য ১৫৮ দশমিক ৪ মিলিয়ন ডলার। চতুর্থ অবস্থানে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার (১২৫ দশমিক ৯ মিলিয়ন ডলার) এবং পঞ্চম স্থানে রয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১১৫ দশমিক ৩ মিলিয়ন ডলার)। সেরা দশের বাকি তারকাদের মধ্যে ষষ্ঠ স্থানে আলিয়া ভাট (৯৩ দশমিক ৯ মিলিয়ন ডলার), সপ্তম স্থানে দীপিকা পাড়ুকোন (৮৯ দশমিক ২ মিলিয়ন ডলার), অষ্টম স্থানে হৃতিক রোশন (৮৮ দশমিক ৯ মিলিয়ন ডলার), নবম স্থানে অমিতাভ বচ্চন (৮০ দশমিক ৮ মিলিয়ন ডলার) এবং দশম স্থানে রয়েছেন অক্ষয় কুমার (৮০ মিলিয়ন ডলার)। এছাড়া ক্রলের এই তালিকায় রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, সালমান খান, রোহিত শর্মা, কারিনা কাপুর, কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, কৃতি শ্যানন, অনন্যা পান্ডে ও জাসপ্রিত বুমরাহর মতো তারকারাও জায়গা করে নিয়েছেন।
এদিকে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় তাকে দেখা যাবে, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন সিনেমা মুক্তির আগেই ভারতের সবচেয়ে মূল্যবান তারকা ব্র্যান্ডের তালিকায় শীর্ষে উঠে শাহরুখ তার ব্র্যান্ড আধিপত্য আরও শক্তিশালী করলেন।
আপনার মতামত লিখুন :