
দেশে ডেঙ্গুর সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পক্ষ থেকে রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২,১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
চলতি মাসের ২৭ দিনে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৮ জন এবং এই সময়ে মারা গেছেন ১২৮ জন। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ২২৫ জনের।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭ জন এবং ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, খুলনা বিভাগে ৩২৯ জন, বরিশাল বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১২ জন রোগী ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১,৭৫৫ জন।
চলতি বছর মৃতদের মধ্যে জানুয়ারি মাসে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তদের মধ্যে ৬২.৪ শতাংশ পুরুষ এবং ৩৭.৬ শতাংশ নারী।
আপনার মতামত লিখুন :