Facebook Twitter Instagram YouTube

ঢাকা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ / ০
ঢাকা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

মিরপুরের জাতীয় চিড়িয়াখানা এবং রংপুর চিড়িয়াখানার দৃশ্যপট বদলে দিতে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রাণীদের খাঁচায় বন্দি রাখার পরিবর্তে উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে বিচরণ এবং দর্শনার্থীদের বিশ্বমানের বিনোদন সুবিধা প্রদানের লক্ষ্যে ৩৩৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুরুতে ঢাকা ও রংপুর চিড়িয়াখানার উন্নয়নে ১,২৬৭ কোটি টাকার প্রস্তাব করা হলেও সরকারি অর্থায়নের সীমাবদ্ধতার কারণে তা কমিয়ে ১,২৩৩ কোটি টাকায় আনা হয়। মহাপরিকল্পনাটি ধাপে ধাপে বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ৩৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে প্রকল্পটি মূল্যায়ন কমিটির (পিইসি) সভার জন্য অপেক্ষমাণ রয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনা শাখার পরিচালক ড. বজলুর রহমান জানান, প্রকল্পের আওতায় চিড়িয়াখানার অবকাঠামোগত উন্নয়ন, প্রাণীদের জন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি, আধুনিক বেষ্টনী নির্মাণ এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। বর্তমানে ১০২ প্রজাতির দেশি প্রাণীকে এই প্রকল্পের মাধ্যমে আরও আধুনিক পরিবেশে রাখা হবে। বিশেষ করে বাঘের সুরক্ষার জন্য ছোট খাঁচার পরিবর্তে বনের মতো বিস্তৃত পরিবেশ তৈরি করা হবে এবং দর্শকদের নিরাপত্তার জন্য আট মিটার গভীর খাল খনন ও বিশেষ কাচের বেষ্টনী ব্যবহার করা হবে।

ঢাকা জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. শাহিনুর আলম জানান, নিরাপত্তার অভাবে বহিরাগতদের দৌরাত্ম্য ও ময়লা-আবর্জনা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রকল্পটি পাস হলে ২৫ ফুট উঁচু সীমানা প্রাচীর নির্মাণ এবং তার পাশ দিয়ে হাঁটার রাস্তা তৈরি করা হবে। চিড়িয়াখানাকে আফ্রিকান, সাভানা, নকটার্নাল ও বাংলাদেশ হ্যাবিটেটসহ বিভিন্ন অঞ্চলে ভাগ করা হবে, যার প্রথম ধাপ হিসেবে ‘বাংলাদেশ হ্যাবিটেট’-এর কাজ শুরু হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম মনিরুল হাসান খান এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, এটি পুরোপুরি মুক্ত জীবন নয়, বরং আধুনিক চিড়িয়াখানার একটি ধারণা মাত্র। তিনি প্রকল্পের প্রতিটি টাকার সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh