
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে বনপাড়া এলাকার মোল্লা হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ট্রাক থেকে তরল নাইট্রোজেন বেরিয়ে এসে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়া বা কুয়াশার মতো গ্যাসে আচ্ছন্ন করে ফেলে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ট্রাকটি যশোরের বেনাপোল থেকে তরল নাইট্রোজেন নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের বাইপাস এলাকায় মোল্লা হোটেলের সামনে পৌঁছালে ট্রাকটির একটি অংশ বিকট শব্দে ছিদ্র হয়ে যায় এবং সেখান থেকে তরল নাইট্রোজেন বের হতে শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল, যা দুর্ঘটনার পর সম্পূর্ণ বের হয়ে গেছে।
ঘটনাস্থলে থাকা মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা জানান, ট্রাকটি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই সাদা কুয়াশার মতো ঘন গ্যাস পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা নিরাপত্তার খাতিরে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়। উল্লেখ্য, গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় তরল নাইট্রোজেনবাহী আরেকটি ট্রাক উলটে যাওয়ার ঘটনা ঘটেছিল।
আপনার মতামত লিখুন :