Facebook Twitter Instagram YouTube

সাভারে ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ, ভবন ঘিরে রেখেছে পুলিশ


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ /
সাভারে ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ, ভবন ঘিরে রেখেছে পুলিশ

ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে একটি চারতলা ভবন ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও স্থানীয় সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর থেকে সিটিটিসি সদস্যরা বাড়িটির সামনে অবস্থান নিয়ে পুরো এলাকাটি ঘিরে ফেলেন।

অভিযানে অংশ নেওয়া পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সিটিটিসি সদস্যরা সাংবাদিকসহ সব জনসাধারণকে ওই বাড়িটির সামনে থেকে সরিয়ে দিয়েছেন।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানিয়েছেন, অভিযানে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বস্তুগুলো বিস্ফোরক কি না, তা নিশ্চিত হওয়ার জন্য ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওসি আরও জানান, শ্যামপুর এলাকায় ওই ব্যক্তির বাড়িটি ঘিরে রাখা হয়েছে এবং সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh