Facebook Twitter Instagram YouTube

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ / ০
কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

কৃষ্ণসাগরে দানিউব নদীর কাছে দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার গভীর রাতে পৃথক দুটি হামলায় জাহাজ দুটিতে আগুন ধরে যায়। বার্তা সংস্থা নিউজ.রোর প্রতিবেদনে মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, জাহাজ দুটির নাবিকেরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে গ্রিসের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘এভিয়া পেট্রল-৫’-এ প্রথম ড্রোনটি আঘাত হানে। জাহাজটি রোমানিয়ার সুলিনা বন্দরের চার নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এর প্রায় ৩৫ মিনিট পর, রাত ৯টা ৪৫ মিনিটে ‘মারসোল’ নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে দ্বিতীয় ড্রোনটি আঘাত হানে। জাহাজটি সুলিনা খালের পাঁচ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এ হামলায়ও জাহাজে আগুন ধরে যায়।

রোমানিয়ার কর্তৃপক্ষ জানায়, এ ঘটনার সময় দেশটির সামরিক রাডার ব্যবস্থায় স্নেক আইল্যান্ডের পূর্বদিকে একটি আকাশপথের লক্ষ্যবস্তু শনাক্ত করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে ফেতেস্তির ৮৬তম বিমানঘাঁটি থেকে দুটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো হয়। ন্যাটোর সদস্য এবং ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নিজেদের ভূখণ্ডের কাছাকাছি আকাশপথে হুমকি শনাক্ত হওয়ার ঘটনায় একাধিকবার যুদ্ধবিমান মোতায়েন এবং জনসাধারণকে সতর্ক করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh