Facebook Twitter Instagram YouTube

প্রবাসী কার্ডধারীদের বিমান টিকিটে ছাড় ও বিশেষ সুবিধার উদ্যোগ


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ /
প্রবাসী কার্ডধারীদের বিমান টিকিটে ছাড় ও বিশেষ সুবিধার উদ্যোগ

প্রবাসী কার্ডধারী ব্যক্তিদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে বিশেষ ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং বিমানবন্দরে অগ্রাধিকারভিত্তিক চেকইন ও বোর্ডিং সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে এদিন বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয়’ শীর্ষক একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব। প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে অভিহিত করা হলেও বাস্তবে তাঁদের অবদানের যথাযথ মূল্যায়ন সবসময় প্রতিফলিত হয় না। তিনি মনে করেন, ‘প্রবাসী কার্ড’ চালুর মাধ্যমে প্রবাসীদের কাজের স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। এ কর্মসূচি সফল করতে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য সেবার মান উন্নত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার জন্য ইতিমধ্যে শাটল বাসসেবা চালু করা হয়েছে। প্রবাসীদের হয়রানিমুক্ত ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসী কার্ডধারী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি আরও জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের জন্য প্রায়োরিটি চেকইন ও প্রায়োরিটি বোর্ডিং সুবিধা চালুর ব্যবস্থা নেওয়া হবে এবং এসব সুবিধা সরকারিভাবে চালু করা প্রবাসী কার্ডের মাধ্যমেই পাওয়া যাবে। সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo