
নাটোরের সিংড়া উপজেলায় বুলবুলি খাতুন নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত বুলবুলি খাতুন ও তার স্বামী মো. আব্দুল্লাহ দম্পতির চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে একপর্যায়ে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। ঘটনার পরপরই অভিযুক্ত আব্দুল্লাহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বুলবুলি খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :