Facebook Twitter Instagram YouTube

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার সৌদি প্রবাসী, খোয়ালেন সর্বস্ব


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ / ০
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার সৌদি প্রবাসী, খোয়ালেন সর্বস্ব

দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় পর সৌদি আরব থেকে দেশে ফিরে চরম ভোগান্তির শিকার হয়েছেন মো. ওমার ফারুক নামের এক প্রবাসী। শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে একদল দুর্বৃত্ত তার সর্বস্ব ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীর চাচাতো ভাই সুলেমান আকাশ জানান, শুক্রবার রাত ১১টায় ঢাকা বিমানবন্দরে পৌঁছান ওমার। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাতে সেখানেই অবস্থান করেন তিনি। এরপর ভোরে বাবা ও স্বজনদের সঙ্গে কেরানীগঞ্জের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে জিয়া উদ্যান এলাকায় হাইএস গাড়িতে আসা চার-পাঁচজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয়।

একপর্যায়ে ওই ব্যক্তিরা তাদের গাড়ি থামিয়ে তল্লাশির নামে ওমারের কাছে থাকা ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং ৮৮ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নেয়। যাওয়ার সময় দুর্বৃত্তরা তাদের হুমকিও দেয়। এ ঘটনায় ভুক্তভোগী ওমার ফারুক শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শেরেবাংলা নগর থানার এসআই নিজামউদ্দিন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy