Facebook Twitter Instagram YouTube

রপ্তানি খাত শক্তিশালী করতে বৈচিত্র্য আনার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ২:২১ অপরাহ্ণ / ০
রপ্তানি খাত শক্তিশালী করতে বৈচিত্র্য আনার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

নারায়ণগঞ্জের পূর্বাচলে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার দুপুরে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এককভাবে তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভর না থেকে বাংলাদেশকে একটি বহুমুখী আন্তর্জাতিক সোর্সিং কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের রপ্তানি খাতকে আগামীতে আরও শক্তিশালী ও টেকসই করতে পণ্যের বৈচিত্র্য আনয়ন, উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ এবং উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। বিশ্ববাজারে পোশাক খাতের ওপর ভর করে বাংলাদেশ ইতিমধ্যেই দৃঢ় অবস্থান তৈরি করেছে। তবে রপ্তানি প্রবৃদ্ধির এই ধারা নিরবচ্ছিন্ন রাখতে হলে সম্ভাবনাময় অন্যান্য নতুন খাতগুলোকেও পূর্ণমাত্রায় কাজে লাগাতে হবে।

দ্বিতীয়বারের মতো আয়োজিত আন্তর্জাতিক এই প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রী জানান, এবারের আসরে ১২টি সম্ভাবনাময় খাতের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত আসরের তুলনায় এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, স্টল ও বিদেশি ক্রেতাদের উপস্থিতি লক্ষণীয়ভাবে বেড়েছে। এ জাতীয় আয়োজন দেশের রপ্তানি আয় বৃদ্ধি, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া প্রদর্শনী চলাকালে বিটুবি (B2B) ম্যাচমেকিং বৈঠক ও সরেজমিনে কারখানা পরিদর্শনের ব্যবস্থা থাকায় বিদেশি ক্রেতাদের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের প্রত্যক্ষ বাণিজ্যিক মেলবন্ধন আরও শক্তিশালী হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. খালেদ হোসাইন মাহবুব, এফবিসিসিআই-এর প্রশাসক ফজলুল হক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy