
ফরিদপুর শহরের প্রধান প্রবেশপথ ও ব্যস্ত সড়কগুলোতে সাধারণ পথচারীদের পথ আটকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠেছে বেদেপল্লীর একদল নারীর বিরুদ্ধে। আলিপুর মোড়, জনতা ব্যাংক মোড়, ১১ তলা ভবনসংলগ্ন এলাকা এবং চকবাজারসহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে দিনের পর দিন এই হয়রানি চললেও কার্যকর প্রশাসনিক পদক্ষেপের অভাবে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, দূর-দূরান্ত থেকে কাজের প্রয়োজনে শহরে আসা সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হয়রানি চালানো হয়। কয়েকজন নারী একত্রিত হয়ে পথচারীদের ঘিরে ধরে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে টানাহেঁচড়া করা হয়, পথ অবরুদ্ধ করা হয় এবং প্রকাশ্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি করা হয়। বিশেষ করে নারী, বয়স্ক ব্যক্তি ও গ্রাম থেকে আসা মানুষজন এতে চরম বিড়ম্বনায় পড়ছেন। লোকলজ্জা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনেকেই বাধ্য হয়ে টাকা দিয়ে মুক্তি পান। ভুক্তভোগী ফাহিম শেখ ও রুস্তম ব্যাপারী জানান, জরুরি কাজে শহরে এসে তারা এমন জিম্মিদশার শিকার হয়েছেন। স্থানীয় বাসিন্দা রাহুল শেখ অভিযোগ করেন, প্রতিবাদ করতে গিয়ে তাকে চরম অপমানিত হতে হয়েছে।
এ বিষয়ে মুন্সীবাজার এলাকায় অভিযুক্ত বেদেপল্লীর নারীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, পেটের দায় এবং বিকল্প কর্মসংস্থানের অভাবে তারা বাধ্য হয়ে এভাবে টাকা আদায় করছেন। তারা আরও বলেন, প্রশাসন যদি বিকল্প কাজের ব্যবস্থা করে, তাহলে তারা আর রাস্তায় নামবেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, ট্রাফিক পুলিশের সামনেই তারা পথচারীদের কাছ থেকে প্রকাশ্যে টাকা আদায় করে। পুলিশ তাদের নিষেধ করতে গেলে চরম গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হতে হয়, যার ফলে অনেক সময় ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া এই পরিস্থিতিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, মুন্সীবাজারের বেদে সম্প্রদায়ের জন্য সরকারি প্রণোদনা বা বিকল্প সহায়তার কোনো সুযোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।
অন্যদিকে, ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, এই বিষয়ে অভিযোগ সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তবে তিনি আশ্বাস দেন যে, শহরের নিয়মিত টহল টিমকে সতর্ক করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :