
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নিজের ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে, যা পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত আরও এক বছর কারাভোগ করতে হবে।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করার সুবাদে সেখানে থাকতেন। এই সুযোগে লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে নিজ বাড়িতে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতেন তার বাবা। ২০১৫ সালের ১৯ জানুয়ারি নিজ বাড়িতে শিশুটিকে ধর্ষণের সময় এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। ওই দিনই প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলাটি দায়ের করেন।
দীর্ঘ ১১ বছর আইনি লড়াইয়ের পর এই রায় ঘোষিত হলো। মামলার শুনানিতে আসামির বক্তব্য এবং সাতজন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা করে আদালত এ রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর আলম বলেন, এ রায় নিঃসন্দেহে শিশুর প্রতি যৌন সহিংসতার ঘটনায় বিচারপ্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
আপনার মতামত লিখুন :