Facebook Twitter Instagram YouTube

ফিফা আসিয়ান কাপ: বাংলাদেশের প্রতিপক্ষ কারা, জেনে নিন সূচি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ /
ফিফা আসিয়ান কাপ: বাংলাদেশের প্রতিপক্ষ কারা, জেনে নিন সূচি

ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বুধবার বিকেলে এই টুর্নামেন্টের খেলার সূচি প্রকাশ করেছে।

বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপে যাত্রা শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পহেলা অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ফিফা আরব কাপের আদলে আয়োজিত এই নতুন টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ না করায় তাদের পরিবর্তে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা। বাফুফে আমন্ত্রণ পাওয়ার পরপরই তাতে সাড়া দিয়ে দল গঠনের প্রক্রিয়া শুরু করে। প্রধান কোচ টমাস ডুলির অধীনে বর্তমানে ২৮ সদস্যের প্রাথমিক দলের ক্যাম্প চলছে। তবে হামজা চৌধুরী, শামিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলামের মতো বিদেশি লিগে খেলা খেলোয়াড়রা প্রাথমিক ক্যাম্পে না থাকলেও তারা চূড়ান্ত স্কোয়াডে যোগ দেবেন। এছাড়া প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে রয়েছেন সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম।

টুর্নামেন্টের প্রাথমিক দলে গোলকিপার হিসেবে আছেন মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান ও আনিসুর রহমান। ডিফেন্ডার হিসেবে আছেন তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন ও ইসা ফয়সাল। মিডফিল্ডার হিসেবে দলে রয়েছেন জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন ও কাজেম শাহ। ফরোয়ার্ড হিসেবে রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন ও মোহাম্মদ ইব্রাহিমকে রাখা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh