Facebook Twitter Instagram YouTube

সিপিএল অভিষেকেই দুর্দান্ত মিরাজ, পেলেন বিশ্বমানের স্পিনারের স্বীকৃতি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ /
সিপিএল অভিষেকেই দুর্দান্ত মিরাজ, পেলেন বিশ্বমানের স্পিনারের স্বীকৃতি

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এতদিন সময়টা খুব একটা ভালো কাটছিল না মেহেদী হাসান মিরাজের। লঙ্কা প্রিমিয়ার লিগে চার ম্যাচ খেলেও উইকেটের দেখা পাননি এই অলরাউন্ডার। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকেই বদলে গেল গল্প। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নেমে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশি এই স্পিনার। চার ওভারের কোটা পূর্ণ করে মাত্র ১৩ রান দিয়ে তিনি শিকার করেছেন তিন উইকেট।

মিরাজের পাশাপাশি বল হাতে এদিন দুর্দান্ত ছিলেন গায়ানার অধিনায়ক ইমরান তাহিরও। ১৭ রানে পাঁচ উইকেট নিয়ে তিনি গড়েছেন এক অনন্য বিশ্বরেকর্ড। ৪৭ বছর ১৬৬ দিন বয়সে টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ উইকেট শিকার করা সবচেয়ে বেশি বয়সী বোলার এখন এই দক্ষিণ আফ্রিকান স্পিনার। দুই স্পিনারের ঘূর্ণিতে সেন্ট লুসিয়া কিংস মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৯ বল হাতে রেখেই চার উইকেটের জয় তুলে নেয় গায়ানা।

জাতীয় দলের প্রয়োজনে মোহাম্মদ নবি চলে যাওয়ায় তার বদলি হিসেবে দলে সুযোগ পান মিরাজ। অভিষেকেই তার এমন পারফরম্যান্সে অভিভূত গায়ানা অধিনায়ক ইমরান তাহির। মিরাজের প্রশংসা করে তিনি বলেন, 'তার মতো একজনকে দলে পাওয়া দারুণ ব্যাপার। বিশ্বমানের স্পিনার সে, আন্তর্জাতিকভাবে বিশ্বজুড়ে পারফর্ম করছে। তার সঙ্গে ও অন্য সবার সঙ্গে বোলিং করতে পেরে আমি রোমাঞ্চিত।'

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০২

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh