
আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো সুপার বোলের আদলে একটি বিশেষ হাফটাইম শো আয়োজন করা হচ্ছে। ফিফা জানিয়েছে, ১১ মিনিটের এই বর্ণাঢ্য আয়োজনে কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার পারফর্ম করবেন। তার সঙ্গে মঞ্চ মাতাবেন বিশ্বসংগীতের জনপ্রিয় শিল্পী ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস।
এই আয়োজনে আরও অংশ নেবেন নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লে-এর সহযোগিতায় পিএস২২ কোরাস এবং জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেম স্ট্রিট-এর চরিত্ররা। ফিফার ভাষ্যমতে, এই হাফটাইম শো থেকে সংগৃহীত অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ব্যয় করা হবে, যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষায় ১০ কোটি ডলার সংগ্রহ করা।
বিশ্বকাপ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জাস্টিন বিবার বলেন, ফিফা বিশ্বকাপ এমন একটি আয়োজন যা পৃথিবীর মানুষকে অন্য কিছুর মতো একত্রিত করতে পারে না। উল্লেখ্য, চলতি বছরের বসন্তে ক্যালিফোর্নিয়ার কোচেলা উৎসবে চার বছর পর বড় মঞ্চে ফেরেন বিবার। স্বাস্থ্যগত জটিলতার কারণে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ বাতিলের পর সেটিই ছিল তার সবচেয়ে বড় লাইভ পরিবেশনা।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা শাকিরা ও বার্না বয়ও আবারও একসঙ্গে মঞ্চে উঠবেন। টুর্নামেন্টজুড়ে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হওয়া তাদের যৌথ গান ‘ডাই ডাই’ বিভিন্ন স্টেডিয়ামে নিয়মিত বাজানো হচ্ছে। এদিকে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিলেও আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ইতোমধ্যে বিদায় নিয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। প্রথম ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। এরপর স্পেন-বেলজিয়াম, নরওয়ে-ইংল্যান্ড এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে গোল্ডেন বুটের দৌড়ে ৮ গোল নিয়ে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি, আর ৭টি করে গোল নিয়ে তার পেছনে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড। হ্যারি কেইনের গোল সংখ্যা ৬টি।
আপনার মতামত লিখুন :