
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন লাগার একটি ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে এই অগ্নিকাণ্ডের সংবাদটি আসে।
সংবাদ পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে বড় কোনো আগুনের অস্তিত্ব খুঁজে পাননি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তুপে ধোঁয়া দেখা গেছে। সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে এই ধোঁয়ার সৃষ্টি কীভাবে হয়েছে বা এর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের টিমের কাজ শেষ হওয়ার পর প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :