
দেশে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই ৯৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জনে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬২ জন, যার ফলে এ পর্যন্ত মোট ২৭ হাজার ৭৫৮ জন ডেঙ্গু থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আগস্ট মাসে এখন পর্যন্ত ৩১ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন, যার সংখ্যা ৩৮১ জন। এছাড়া খুলনা বিভাগে ২১৫ জন, বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০৭ জন, রাজশাহীতে ৭৬ জন এবং ময়মনসিংহে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আপনার মতামত লিখুন :