Facebook Twitter Instagram YouTube

ফরাসি রাজপথে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, রণক্ষেত্রে রূপ নিল পরিস্থিতি


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১:১১ অপরাহ্ণ / ০
ফরাসি রাজপথে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, রণক্ষেত্রে রূপ নিল পরিস্থিতি

সরকারি নতুন নীতি ও শিক্ষা সংস্কার বিল বাতিলের দাবিতে ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছাত্র ক্ষোভে পরিণত হয়েছে, যা অবশেষে রণক্ষেত্রে রূপ নিয়েছে। গত দুই দিনে রাজধানী প্যারিসসহ লায়ন, মার্শেই ও বর্দো শহরের রাজপথে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত, ভাঙচুর এবং যান চলাচলে স্থবিরতা দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলেও হাজার হাজার শিক্ষার্থী পিছু হটতে রাজি না হওয়ায় পুরো দেশ এক নজিরবিহীন অস্থিরতার মুখে পড়েছে।

রয়টার্স জানিয়েছে, এদিন রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরের বিক্ষোভগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাবা-মা ও শিক্ষকরাও রাস্তায় নেমে আসেন। প্যারিস, স্ত্রাসবুর, রেন ও তুলুজসহ অন্যান্য শহরে বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক ডজন শহরে হওয়া মিছিলগুলোতে আড়াই লাখেরও বেশি মানুষ যোগ দিয়েছে। তবে আয়োজকদের ধারণা অনুযায়ী, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের সংখ্যা ছিল প্রায় পাঁচ লাখের কাছাকাছি। মঙ্গলবারের প্রতিবাদের অন্যতম সংগঠক ফ্রান্সের হাইস্কুল শিক্ষার্থীদের প্রধান ছাত্র সংগঠন উঁনিয়ঁ সাঁদিকাল লিসিয়েন (ইউএসএল) জানিয়েছে, এদিন প্রায় দুই হাজার হাইস্কুল অবরুদ্ধ অথবা বন্ধ ছিল।

শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা জানিয়েছেন, তারা তাদের সন্তানদের সমর্থন করার পাশাপাশি ‘অনুপ্রবেশ করে উপদ্রব সৃষ্টিকারীদের’ এবং পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ থেকে তাদের রক্ষার জন্য রাস্তায় নেমেছেন। প্যারিসের পুলিশ জানিয়েছে, রাজধানীতে প্রায় ৩০০ জন, যাদের অধিকাংশই মুখোশ পরা, নিরাপত্তা বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে সংঘর্ষে লিপ্ত হয়। অন্যান্য শহরে সহিংসতায় কিছু দোকানপাট ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মঙ্গলবার ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৮ জন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। প্রধানমন্ত্রী ল্যকর্ন্যু ফ্রান্সজুড়ে হাইস্কুলে ক্লাস সপ্তাহের বাকি সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছেন। পার্লামেন্টকে তিনি জানিয়েছেন, এ পর্যন্ত বিভিন্ন সংঘর্ষে অন্তত ২১৫ জন কিশোর বয়সী এবং ৮৫ জন স্কুল কর্মী আহত হয়েছেন। তিনি বলেছেন, “স্কুল ব্যবস্থায় কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় ক্ষতি।” তার দপ্তর জানিয়েছে, সহিংসতায় ৭০০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

আসন্ন বসন্তে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে দেশটিতে চরম ডান ও চরম বামপন্থি দলগুলোর প্রতি সমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারই মধ্যে এই বিক্ষোভগুলোতে জনরোষের প্রকাশ দেখা গেল। মন্থর প্রবৃদ্ধির মধ্যে সরকারি ঋণ নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে সরকার চাপের মুখে রয়েছে। ২০২৪ সালের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মিত্র দলগুলো সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকে বাজেট পাসের মতো মৌলিক কাজগুলো সম্পন্ন করতেও সরকারকে হিমশিম খেতে হচ্ছে। ম্যাক্রোঁ মঙ্গলবার ল্যকন্যু ও অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীদের একটি জরুরি বৈঠকে তলব করেছিলেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্রান্সে অভিবাসন ‘নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়ার’ প্রমাণ এসব বিক্ষোভ। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, “এটি স্কুলের বিষয় নয়, এটি হচ্ছে ইসলাম এক সময়ের এই মহান দেশটিকে অধিকার করে নিতে চাইছে।” তবে রয়টার্স লিখেছে, শিক্ষার্থীদের দাবিগুলোতে ধর্ম বা অভিবাসন নিয়ে কোনো কিছু নেই, বরং সেগুলোতে শিক্ষক সংকট ও অপ্রতুল তহবিলের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ফ্রান্সের চরম ডানপন্থি ন্যাশনাল র‌্যালি পার্টিও এই প্রতিবাদকে ফ্রান্সের অভিবাসন নীতির সঙ্গে সম্পর্কিত করেনি।

মার্সেই, নঁত ও লিওঁ শহরের আন্দোলনকারীরা ‘তারা আসলে আমাদের নিয়ে ভাবে না’ এবং ‘বেঁচে থাকা না কি পড়াশোনা’, এমন সব লেখা সম্বলিত প্ল্যাকার্ড উঁচিয়ে রাস্তায় নেমে আসেন। সেপ্টেম্বরে প্যারিসের সুবিধাবঞ্চিত শহরতলীতে এই ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর এখন তা সারাদেশজুড়ে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলগুলো পানি চুঁইয়ে পড়া থেকে শুরু করে ইঁদুরের উপদ্রবের মতো সাধারণ রক্ষণাবেক্ষণজনিত সমস্যার মুখোমুখি হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin