
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মামলা তুলে না নেওয়ার জেরে জাহিদ হাসান বুলবুল (৪৫) নামে এক রিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সালেহনগর এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং তিনি ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, চব্বিশের আন্দোলনের সময় সালেহনগর এলাকায় বুলবুলের গ্যারেজে লুটপাটের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বুলবুল বাদী হয়ে বন্দর থানায় সিফাত বাহিনীকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে সিফাত ও তার সহযোগীরা মামলাটি তুলে নেওয়ার জন্য পুনরায় হুমকি দেয়।
এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :