Facebook Twitter Instagram YouTube

গাজীপুরে মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ / ০
গাজীপুরে মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় রোববার সকাল সাড়ে ৮টা থেকে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এর ফলে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে সকাল ৯টার দিকে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ, বিজিবি, আনসার এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। মৌচাক এলাকার ৫টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

বিক্ষোভের ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার ৮টি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। এছাড়া অন্যান্য কারখানাগুলোতে সকাল ৮টা থেকেই উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin