
গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। একই সময়ে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন।
পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, শ্রমিকেরা সকাল থেকে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোনো বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি। শিল্প এলাকার গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ এক নোটিশে জানিয়েছে, ন্যূনতম মজুরির দাবিতে চলমান অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬–এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, সরকার ও বিজিএমইএ থেকে মজুরি ঘোষণার বিষয়ে স্পষ্ট বার্তা পাওয়ার পরও বহিরাগত শ্রমিকদের প্ররোচনায় কারখানায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও কর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের তালিকায় রয়েছে।
আপনার মতামত লিখুন :