
বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী, সরবরাহ সংকট এবং পরিবহন অনিশ্চয়তার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে খাদ্যপণ্যের দাম প্রায় ৬ শতাংশ বেশি। বিশেষ করে চিনি, ভোজ্যতেল এবং কিছু খাদ্যশস্যের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, কৃষ্ণ সাগরীয় অঞ্চলে সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় শস্যের দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। এর মধ্যে গমের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া হরমুজ প্রণালির অনিশ্চয়তা ও সরবরাহ সংকটের কারণে ভুট্টার দামও তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। সংস্থাটি ২০২৬ সালে বিশ্বব্যাপী ২৯৮ কোটি টন খাদ্যশস্য উৎপাদনের পূর্বাভাস দিয়েছে, যা ২০২৫ সালের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কম। আন্তর্জাতিক বাজারে চিনির দামও গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে শস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ এবং কৃষ্ণ সাগরীয় অঞ্চলে বাণিজ্য বিঘ্নিত হওয়ায় খাদ্য সংকট আরও তীব্র হয়েছে। আমদানিনির্ভর দেশগুলোতে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির এই প্রবণতা সার্বিক মুদ্রাস্ফীতিকে উস্কে দিচ্ছে।
ইউরোজোনের দেশগুলোতে জ্বালানি খরচ বৃদ্ধির প্রভাবে মুদ্রাস্ফীতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ ৩ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অনুযায়ী, এক বছরে এই অঞ্চলে জ্বালানির দাম বেড়েছে ১৮ দশমিক ৮ শতাংশ। যুক্তরাজ্যের বাসিন্দারাও উচ্চ জ্বালানি মূল্যের চাপে রয়েছেন। জ্বালানি গবেষণা সংস্থার আশঙ্কা, ২০২৭ সালের প্রথম তিন মাসে ব্রিটেনে জ্বালানির দাম আরও ১৬ শতাংশ বাড়তে পারে, ফলে পরিবারগুলোর বার্ষিক গড় খরচ ১ হাজার ৭০০ পাউন্ড থেকে বেড়ে ২ হাজার পাউন্ড হতে পারে।
গ্রিসের পরিবারগুলোও জ্বালানি, আবাসন ও পরিবহন খরচের সঙ্গে লড়াই করছে। পরিস্থিতি মোকাবিলায় গ্রিস সরকার জ্বালানি খাতে ভর্তুকি ও করছাড়সহ চার বছরমেয়াদি সহায়তা প্যাকেজ চালু করেছে, যদিও ভোক্তারা দাবি করছেন এই পদক্ষেপ যথেষ্ট নয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে অকৃষি খাতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মাত্র ২৯ হাজার, যেখানে আগস্টে এই সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার। দেশটিতে বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে এবং চাকরির নিরাপত্তা নিয়ে মার্কিন নাগরিকদের উদ্বেগ গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
আপনার মতামত লিখুন :