Facebook Twitter Instagram YouTube

শাহজালাল বিমানবন্দরের সামনে পরিত্যক্ত গাড়িতে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ


প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ /
শাহজালাল বিমানবন্দরের সামনে পরিত্যক্ত গাড়িতে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তারা সন্দেহভাজন গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক মো. শামীম মিয়া গাড়ি ফেলে পালিয়ে যান।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা ১৫৫ দশমিক ৩৫ ভরির সমান। কাস্টমস হাউস ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

স্বর্ণ ছাড়াও গাড়িটিতে তল্লাশি চালিয়ে তিনটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা স্বর্ণ ও অন্যান্য সামগ্রীর ইনভেন্টরি কাস্টমস হলে সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin