Facebook Twitter Instagram YouTube

বিমানবন্দর সড়কে পাম্পের কর্মীকে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই


প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ /
বিমানবন্দর সড়কে পাম্পের কর্মীকে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের এক কর্মচারীকে কুপিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ডিএল পেট্রোল পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক। তার মা সাবেক মন্ত্রী প্রয়াত খুরশীদ জাহান হক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বড় বোন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে পাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যান চালক খোরশেদ বিক্রির টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন সশস্ত্র ছিনতাইকারী তাদের কাভার্ডভ্যানটির গতি রোধ করে। এরপর পিস্তল উঁচিয়ে ভয় দেখিয়ে এবং আল আমিনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় তারা। টাকা ছিনিয়ে নেওয়ার পর ছিনতাইকারীরা আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। পরে সেলিমুজ্জামান ও খোরশেদ স্থানীয় লোকজনের সহায়তায় রক্তাক্ত আল আমিনকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যান।

পেট্রোল পাম্পের ব্যবস্থাপক আব্দুল করিম জানান, তাদের পাম্পে প্রতিদিন গড়ে ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়ে থাকে। সাধারণত প্রতিদিনের বিক্রির টাকা পরদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়া হয়। তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকার কারণে ওই দুই দিনের জমাকৃত টাকা রোববার একসঙ্গে ব্যাংকে নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে ব্যাগে বড় অঙ্কের এই টাকা ছিল।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক বেগ জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক ইউনিট কাজ শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin