
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ ও ২০২৪ সালে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গঠন করা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং নাগরিকরা শান্তিতে বসবাস করতে পারবে। তিনি আরও বলেন, যারা শহীদ হয়েছেন, তাদের উদ্দেশ্য ছিল দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনা।
শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করা সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হলে শুধু তাদের স্মরণ করাই যথেষ্ট নয়। যারা বেঁচে আছি, তাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে।
বাংলাদেশ স্কাউটসের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের ১০ জন শহীদের পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয় এবং তাদের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি এ সময় শহীদদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় শিক্ষাক্রমে তাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২০: ২৩আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২০: ২৭
আপনার মতামত লিখুন :