
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি নতুন সূচনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ বিভিন্ন দিক থেকে দুই দেশ একে অপরের ওপর নির্ভরশীল। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে কিছু মতপার্থক্য ও সমস্যা থাকলেও পারস্পরিক সহযোগিতা ও সমতার ভিত্তিতে সংলাপের মাধ্যমে তা নিরসন করা সম্ভব। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভারতকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়ে বলেন, তারা কেবল ভৌগোলিক সীমানার নয়, বরং সমৃদ্ধির স্বপ্নেরও অংশীদার। তিনি উল্লেখ করেন যে, গণতান্ত্রিক সংস্কৃতিতে মতভেদ থাকা স্বাভাবিক এবং এটি গণতন্ত্রের সৌন্দর্যেরই একটি অংশ।
হাইকমিশনার আরও বলেন, দুই দেশের মধ্যে এমন কোনো জটিল সমস্যা নেই যা আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমাধান করা সম্ভব নয়। আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও উজ্জ্বল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :