Facebook Twitter Instagram YouTube

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ / ০
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে মাঠের পরিস্থিতি এবং বিজিবির কার্যক্রম সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রমের পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে, যাতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় কাজ করছেন তারা। দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজিবি জানিয়েছে, সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি সব সময় প্রস্তুত। দেশের প্রয়োজনে সরকার অর্পিত দায়িত্ব নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পালনে বিজিবি বদ্ধপরিকর।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin