Facebook Twitter Instagram YouTube

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো অনুমোদন: গ্রেড অনুযায়ী কত বাড়ছে বেতন


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ /
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো অনুমোদন: গ্রেড অনুযায়ী কত বাড়ছে বেতন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো চূড়ান্ত হয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন এই বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন গ্রেড অনুযায়ী ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেড পর্যন্ত মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে, ১২ থেকে ২০ নম্বর গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধির হার ১১৫ থেকে ১৪২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। গ্রেড-২-এ ৬৬ হাজার থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার, গ্রেড-৩-এ ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার এবং গ্রেড-৪-এ ৫০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ টাকা করা হয়েছে। এছাড়া গ্রেড-৫-এর বেতন ৪৩ হাজার থেকে বেড়ে ৮৬ হাজার টাকা, গ্রেড-৬-এর ৩৫ হাজার ৫০০ থেকে বেড়ে ৭১ হাজার টাকা, গ্রেড-৭-এর ২৯ হাজার থেকে বেড়ে ৫৮ হাজার টাকা, গ্রেড-৮-এর ২৩ হাজার থেকে বেড়ে ৪৬ হাজার টাকা, গ্রেড-৯-এর ২২ হাজার থেকে বেড়ে ৪৪ হাজার টাকা এবং গ্রেড-১০-এর বেতন ১৬ হাজার থেকে বেড়ে ৩২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নিম্নতর গ্রেডগুলোর ক্ষেত্রে, গ্রেড-১১-এর প্রারম্ভিক মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। গ্রেড-১২-এর বেতন ১১ হাজার ৩০০ থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা, গ্রেড-১৩-এর ১১ হাজার থেকে বেড়ে ২৪ হাজার টাকা, গ্রেড-১৪-এর ১০ হাজার ২০০ থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-১৫-এর ৯ হাজার ৭০০ থেকে বেড়ে ২২ হাজার ৮০০ টাকা হয়েছে। এছাড়া গ্রেড-১৬-এর ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৭-এর ৯ হাজার থেকে ২১ হাজার ৪০০ টাকা, গ্রেড-১৮-এর ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার টাকা, গ্রেড-১৯-এর ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-২০-এর বেতন ৮ হাজার ২৫০ থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিটি দুই ধাপে বেতন বৃদ্ধি বাস্তবায়নের কথা বলেছিল, যার মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হওয়ার আলোচনা ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও এই নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল, যারা গত জানুয়ারিতে তাদের প্রতিবেদন জমা দেয়। ওই কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল, যেখানে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব ছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo