
গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখা আয়োজিত এক ছাত্র গণজমায়েতে প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ অভিযোগ করেন।
আবু সাদিক কায়েম বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে তাদের মত দিয়েছিল। কিন্তু নির্বাচনের পর সরকার সেই জনরায় এবং জুলাই সনদ বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি সরকারের সমালোচনা করে বলেন, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি ও টেন্ডারবাজি বন্ধ হয়নি। এছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুৎ-পানির তীব্র সংকটের জন্যও তিনি সরকারকে দায়ী করেন।
তিনি আরও অভিযোগ করেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে দলীয়করণ এবং বিশ্ববিদ্যালয়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। ডাকসুর কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, তারা এক বছর সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধের ষড়যন্ত্র চলছে বলেও আশঙ্কা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি রাষ্ট্রের সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার না করারও অভিযোগ তোলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখার সভাপতি নোমান আহমদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখা আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান আকর্ষণের বক্তব্যে তিনি এ কথা বলেন।
আপনার মতামত লিখুন :