Facebook Twitter Instagram YouTube

সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৭:২০ পূর্বাহ্ণ /
সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। সোমবার বিকেলে পিরোজপুর শহরের সিও অফিস চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ পর্যন্ত আয়োজিত পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ জানান, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এনসিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, গত পাঁচ মাসে সংসদে কোনো ধরনের চাপ বা রক্তচক্ষুকে তারা ভয় পাননি। এছাড়া মিডিয়া মাফিয়া, ভূমিদস্যু, ব্যাংক লুটপাটকারী ও ভোট জালিয়াতির বিরুদ্ধে দল ধারাবাহিকভাবে অবস্থান নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের সম্পদ লুটপাটের সংস্কৃতি বন্ধের ওপর গুরুত্বারোপ করে হাসনাত আবদুল্লাহ দুর্নীতি, দখলদারত্ব ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। এছাড়া তিনি সংসদের ভেতরে ও বাইরে জনগণের স্বার্থে কথা বলে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ। পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান এবং জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din