
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামকে একটি আধুনিক কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে চলাফেরায় চরম ভোগান্তিতে থাকা সাইফুল এখন লাঠির সাহায্য ছাড়াই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম এই ব্যবস্থা গ্রহণ করেন।
জানা গেছে, ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম তার একটি পা হারান। এরপর তিনি দীর্ঘদিন কৃত্রিম পা ব্যবহার করে চলাফেরা করলেও একপর্যায়ে সেটি অকেজো হয়ে পড়ে। এতে তার স্বাভাবিক চলাফেরায় আবারও গুরুতর সমস্যা দেখা দেয়, যা তাকে চরম দুর্ভোগে ফেলে।
সাইফুল ইসলামের এই অসহায়ত্বের বিষয়টি স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য জেবা আমিন খানের মাধ্যমে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের নজরে আসে। এরপর তিনি ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সাইফুলের জন্য আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেন।
আজ সোমবার ব্র্যাক হেলথ সেন্টারে কৃত্রিম পা সংযোজনের সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।
এসময় রুহুল কবির রিজভী বলেন, “বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দলের নেতাকর্মীদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে এসেছেন। নেতাকর্মীদের চিকিৎসা ও তাদের শারীরিক অবস্থার খোঁজখবর রাখার ক্ষেত্রে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিক সবসময় আন্তরিক ভূমিকা পালন করেন। তিনি সাধ্যমতো অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাদের পাশে দাঁড়ান।”
সংশ্লিষ্টদের উপস্থিতিতে কৃত্রিম পা সংযোজনের পর সাইফুল ইসলামের চলাফেরায় স্বস্তি ফিরে এসেছে। এখন তিনি লাঠির সাহায্য ছাড়াই স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন, যা তার জীবনে নতুন গতি এনে দিয়েছে।
আপনার মতামত লিখুন :